বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমালোচনা করে ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল। বক্তব্যে আজহারীকে বলতে শোনা যায়, ‘জামায়াতের কতগুলো মূর্খ ও নতুন আলেম জন্ম নিছে না আছে কোরআনের জ্ঞান না আছে হাদিসের জ্ঞান। তারা আব্দুল মালেক হাফিজাহুল্লাহর ব্যাপারে বলেন, তার নাকি ইসলামের জ্ঞান কম। আমি মনে করি জামায়াতের যত আলেম আছে তাদের চৌদ্দগুষ্টি মিলেও আব্দুল মালেক হাফিজাহুল্লাহর পায়ের ধুলার যোগ্য হবে? তার ইলম সম্পর্কে জামায়াতের ধারণা নাই!’ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
বিস্তারিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে মিজানুর রহমান আজহারীর মতো ইসলামিক বক্তা আলোচিত মন্তব্যটি করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। এমনকি উক্ত বক্তব্যের বিভিন্ন দিক থেকে ভিডিও চিত্রও পাওয়া যেত। কিন্তু, অনুসন্ধানে আলোচিত মন্তব্যটি মিজানুর রহমান আজহারী করার স্বপক্ষে কোনো তথ্যই পাওয়া যায়নি।
এমনকি মিজানুর রহমান আজহারীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতেও (ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, ইউটিউব, ওয়েবসাইট) এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটি একাধিক এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, এটি প্রায় শতভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অতএব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে মিজানুর রহমান আজহারীর বক্তব্য দেওয়ার ভিডিওটি বাস্তব নয়, এআই জেনারেটেড।
