জোড়া অর্ধশতকে বড় টার্গেট ছুড়ে দিল পাকিস্তান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১১:১৩ এএম

মাত্র ৮১ রানের মধ্যেই শীর্ষসারির ৪ ব্যাটার ফিরে যান সাজঘরে। স্বাভাবিকভাবেই তখস বড় বিপদে পড়ে যায় পাকিস্তান। কিন্তু সেই বিপদ কাটিয়ে শেষ পর্যন্ত বড় পুঁজি দাঁড় করিয়েছে স্বাগতিক দল। ৫০ ওভারে ৯ উইকেটে ৩০২ রান তুলেছে শাহিন শাহ আফ্রিদির দল। অর্থাৎ জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ৩০৩।

রাওয়ালপিন্ডিতে আজ মঙ্গলবার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথম বলেই আউট ফখর জামান (০)। আরেক ওপেনার সাইম আইয়ুবও ৮ রানের বেশি করতে পারেননি।

এরপর বাবর আজম আর সাদ বাইগ হাল ধরার চেষ্টা করেন। উইল জ্যাকসের দুর্দান্ত এক ঘূর্ণিতে বোল্ড হন বাবর আজম, ৫২ বল খেলে করেন ৩৪ রান। সালমানও আগাও করেন মাত্র ১৬। ৮১ রানে ৪ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

সেখান থেকে সাদ বাইগকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন হাসান নেওয়াজ। বাবরের মতো সেট হয়ে আউট হন সাদ বাইগ, ৫৪ বলে ৩৫ করে।

হাসান নেওয়াজ এরপর আরাফাত মিনহাজকে নিয়ে গড়েন ৭৮ রানের আরেকটি জুটি। খেলছিলেনও মারকুটে। কিন্তু ৭৪ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৭৯ রান করে ওভারটনের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হাসান।

এরপর ঝড় তুলে পাকিস্তানকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেওয়ার কাজটি করেছেন ফাহিম আশরাফ আর আরাফাত মিনহাজ। ৫৮ বলে ৯ বাউন্ডারিতে ৫৯ রান করে দুই ওভার বাকি থাকতে ফেরেন আরাফাত। ফাহিম আশরাফও দুই বল পর আউট হয়ে যান ২৬ বলে ৩৯ করে।

শেষ সময়ে শাহিন শাহ আফ্রিদি ৫ বলে ১০ আর হারিস রউফ ২ বলে করেন গুরুত্বপূর্ণ ৪ রান। ৯ উইকেটে ৩০২ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান। ইংল্যান্ডের সনি বেকার ৩টি এবং গুস এটকিনসন নেন ২টি উইকেট।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর