দিল্লিতে আন্তর্জাতিক কনফারেন্সে শেখ হাসিনা দাবিতে ২০১৩ সালের মস্কোর ছবি প্রচার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম

সম্প্রতি, দিল্লিতে আন্তর্জাতিক কনফারেন্সে শেখ হাসিনা দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, এমনকি ছবিটি দিল্লিরও নয়। প্রচারিত ছবিটি ২০১৩ সালের জানুয়ারি মাসে রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের।

বিস্তারিত

অনুসন্ধানে রাশিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক ওয়েবসাইটে ২০১৩ সালের ১৫ জানুয়ারি প্রচারিত একটি প্রেস রিলিজ পাওয়া যায়। উক্ত প্রেস রিলিজে আলোচিত ছবিটি পাওয়া যায়।

প্রেস রিলিজ থেকে জানা যায়, রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাপ্তরিক ভবন ক্রেমলিনে শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের বৈঠকের ছবি এটি।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে বিবিসি বাংলার ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও জানা যায়, তখন শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

পাশাপাশি, ২০২৪ সালের ০৫ আগস্ট দেশত্যাগের পর থেকে দিল্লিতে অবস্থান করলেও এখন পর্যন্ত শেখ হাসিনার প্রকাশ্য আসার খবর পাওয়া যায়নি।

অতএব, দিল্লিতে কনফারেন্সে শেখ হাসিনার ছবিটি ২০১৩ সালে মস্কোতে তোলা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর