পোল্যান্ডের ঐতিহাসিক ভ্রোসওয়াফ শহরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সামার ফুটবল টুর্নামেন্ট–সিজন ২’। খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে দেশটির বিভিন্ন শহরের ৮টি দল অংশ নেয়।
পবিত্র কুরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও পোল্যান্ডের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী এই আসরের উদ্বোধন করা হয়। গ্রুপ পর্ব ও নকআউট পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ‘ভ্রোসওয়াফ বেঙ্গল টাইগার্স’ এবং শক্তিশালী ‘ডিকে এনকাউন্টার’। মাঠের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘ডিকে এনকাউন্টার’।
টুর্নামেন্টে দুর্দান্ত খেলে সর্বোচ্চ গোলদাতার ‘গোল্ডেন বুট’ পুরস্কার জেতেন চ্যাম্পিয়ন দলের এহসান এবং সেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’ পান একই দলের এন্না)। রানার-আপ দলের সাকিব টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন। এ ছাড়া ফেয়ার প্লে ট্রফিও ঘরে তোলে চ্যাম্পিয়ন দলটি।
ইতালির দুই পেশাদার রেফারি লিওনার্দো দ্রাগো ও গায়েতানো আর্জেন্টিনো অত্যন্ত দক্ষতার সাথে ম্যাচগুলো পরিচালনা করেন। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করেন খালেদ সাইফুল্লাহ অপু, নাজমুস সাকিব সোহান ও হামিম রাসেল। শৃঙ্খলা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ড. হোসেন আলম।
এই ফুটবল আসরের স্পন্সর ছিল কয়েকটি স্থানীয় প্রতিষ্ঠান। প্রবাসে ঐক্য ও ক্রীড়া সংস্কৃতি বিকাশে আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকেরা।
