সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারকে (৬৮) প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত করা হয়েছে।
মঙ্গলবার সকালে এনসিপির সাঁথিয়া উপজেলা আহ্বায়ক বকুল হোসেন ও তার ছোট ভাই মিজানুর রহমান ফুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা ও লাঞ্ছিত করে।
দৈনিক যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি দাইন সরকার জানান, মঙ্গলবার সাঁথিয়া প্রেস ক্লাবের নির্বাচন। নির্বাচন উপলক্ষে সকাল ১০টার দিকে তিনি ভোটদানের উদ্দেশ্যে সাঁথিয়া প্রেস ক্লাবের সামনে যান। সেখানে আগে থেকে ওতপেতে থাকা বকুল হোসেন ও তার ছোট ভাই মিজানুর রহমান ফুল এবং ঠান্ডুর নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালিয়ে লাঞ্ছিত করেন। হামলাকারীরা তাকে কিল-ঘুসি লাথি মারেন এবং তার গায়ের জামা-গেঞ্জি ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে সহকর্মীরা আহত দাইন সরকারকে উদ্ধার করে নিয়ে যান।
অভিযুক্ত বকুল ও ফুল উপজেলার পিপুলিয়া এলাকার মোজাহার ওরফে মোজাইয়ের ছেলে এবং ঠান্ডু উপজেলার খানমামুদপুর গ্রামের সিরাজের ছেলে।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে একজন বর্ষীয়ান সাংবাদিক এবং শিক্ষকের ওপর প্রকাশ্য দিবালোকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন পাবনা প্রেস ক্লাব নেতারা।
বিবৃতিতে পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
