একসময় ধারণা ছিল ‌‘কবিরা বোধহয় ৬ মাস গোসল করেন না’: রিজভী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অনেকের ধারণা কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত মানুষ। তাদের চলাফেরা ও কথাবার্তা কিছুটা ভিন্ন ধরনের হয়। ছোটবেলা থেকে আমারও এমন ধারণা ছিল। এমনকি কবিরা বোধহয় ছয় মাস গোসল করেন না- এমন ধারণাও ছিল।

রোববার (২২ নভেম্বর) রাতে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কবিতা বা সাহিত্যের তাত্ত্বিক ব্যক্তি তিনি নন উল্লেখ করে রিজভী জানান, শাহিন রেজা তাকে যেভাবে উপস্থাপন করেছেন, তিনি মোটেও কবিতা বা সাহিত্যের মানুষ নন। সাহিত্য ও কবিতা নিয়ে কীভাবে কথা বলতে হয়, সেই ব্যাকরণও তিনি জানেন না। সাহিত্য নিয়ে আলোচনা ও উপস্থাপনার আলাদা ধরন রয়েছে।

তিনি বলেন, ‘কবিতার রাজ্যে কে বড় কবি আর কে ছোট কবি, সেই তারতম্য নেই। প্রত্যেক কবিই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট হয়ে বিচরণ করেন।’

কবিদের সম্পর্কে ছোটবেলার ধারণার কথা তুলে ধরে তিনি বলেন, অনেকের ধারণা, কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত মানুষ। তাদের চলাফেরা ও কথাবার্তা কিছুটা ভিন্ন ধরনের হয়। ছোটবেলা থেকে আমারও এমন ধারণা ছিল। এমনকি কবিরা বোধহয় ছয় মাস গোসল করেন না—এমন ধারণাও ছিল। কিন্তু স্টালিনকে দেখে সেই ধারণা বদলে গেছে। কবিরা যে স্মার্ট ও পরিচ্ছন্ন হতে পারেন, স্টালিন তার উদাহরণ। জীবনযাপন ও চলাফেরায় তিনি সমাজের একজন অগ্রগণ্য মানুষ।

কবিতার প্রেরণা ও নারী প্রসঙ্গে নিজের এক শিক্ষকের পরামর্শের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিখ্যাত কবিদের অনেক সময় সাবধানে চলতে হয়। কবিতা লেখার প্রেরণায় কবির অনেক নারী বন্ধু জুটতে পারেন। তবে আমার এক বাংলার শিক্ষক বলেছিলেন, কবিদের বেশি জড়িয়ে পড়া উচিত নয়। কবিতার প্রেরণায় নারীরা আসতে পারেন, কিন্তু বেশি গভীরে যাওয়া যাবে না। বেশি গভীরে গেলে কাব্যপ্রতিভা নষ্ট হয়ে যেতে পারে। পুকুরে ঢিল ছুড়ে পাশ দিয়ে চলে যাওয়ার মতো বিষয়টি সামলাতে হবে।

কবি স্টালিনের সামাজিক ও পারিবারিক জীবনের প্রশংসা করে তিনি বলেন, সবার সঙ্গে তার চমৎকার সম্পর্ক। কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে কাজ করলে তার মতো যোগ্যতাসম্পন্ন দ্বিতীয় কাউকে পাওয়া কঠিন হতো। তবে প্রচণ্ড সামাজিক হওয়া সত্ত্বেও দিনশেষে তিনি স্ত্রী ও কন্যার কাছেই ফিরে যান। আড্ডার মধ্যেও স্ত্রীর বাজারের নির্দেশনা—পেঁয়াজ, ছোট মাছ ও লবণ কেনার কথা তার মাথায় থাকে। বাজার নিয়েই তাকে বাড়ি ফিরতে হয়। এটিও তার অসাধারণ একটি গুণ।

স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, কবিতার গভীরে যেতে না পারলেও আমি একজন কাব্যরসিক ও কাব্যপ্রেমী। এরশাদবিরোধী আন্দোলনের সময় এবং কারাবাসের দিনগুলোতে কবি মোহন রায়হানের উদ্দীপনামূলক কবিতা অনুপ্রাণিত করত। সে সময় ভিন্ন ভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারা অভিন্ন লক্ষ্যে একত্রিত হয়েছিলেন। বন্ধু, সহপাঠী ও সহপাঠিনীদের মনোযোগ আকর্ষণ করতেও সেসব কবিতা আবৃত্তি করতেন বলে জানান তিনি।

কবি স্টালিনকে ‘স্বায়ত্তশাসিত ও সার্বভৌম’ কবি হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, স্টালিন তার কবিতায় এমন একটি অন্তর্জগৎ গড়ে তুলেছেন, যার প্রতিফলন প্রতিটি অক্ষর ও বাক্যে ফুটে ওঠে। নিজের সার্বভৌম সত্তাকে কখনো বিসর্জন দেননি বলেই তিনি নিজস্ব একটি কাব্যধারা তৈরি করতে পেরেছেন।

বক্তব্যে ইংরেজ কবি পি বি শেলীর ‘পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অব দ্য ওয়ার্ল্ড’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর হতে আহরি বচন/আনন্দলোকে করি বিরচন’ পঙক্তি উদ্ধৃত করেন রিজভী। তিনি বলেন, নিজের অন্তর থেকে বাণী আহরণ করে পাঠককে সেই আনন্দলোকে বিচরণ করানোর ক্ষমতাই একজন কবির বড় সার্থকতা।